চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে গ্রেপ্তার ৭২৬জন

ছবি: সংরক্ষিত।

চাঁদপুর : চাঁদপুরের আট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গত ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭২৬ জন কিশোরকে আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগ কিশোর আটক হয় ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। এসব কিশোরদের অপরাধমূলক কাজে জড়িত না থাকায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে পুলিশের এই বিশেষ অভিযানে মতলব উত্তর থানায় ৭৪, মতলব দক্ষিণ থানায় ৪৫, হাজীগঞ্জ থানায় ৬২, কচুয়া থানায় ১২৬, শাহরাস্তি থানায় ৮৫, ফরিদগঞ্জ থানায় ১২৬, হাইমচর থানায় ৪৮ এবং চাঁদপুর সদর মডেল থানায় ৬১জন কিশোর আটক হয়। বাকি ৯৯ জনকে আটক করে ডিবি পুলিশ।

সরেজমিন শহরের অঙ্গীকার পাদদেশ, শহীদ মিনার সংলগ্ন রেল লাইন, হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ, শহরের মিশন রোড, প্রেসক্লাব সংলগ্ন নদীর পাড় এলাকায় কিশোর বয়সীদের আড্ডার দেখা মিলেনি। তবে শহরের বড় স্টেশন তিন নদীর মোহনা মোলহেডে অন্য দর্শনার্থীদের সাথে কিশোর বয়সীরাও বিকেলে ঘুরতে আসে।

শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, পুলিশের বিশেষ অভিযানের পর মিশন রোড রেললাইন এলাকায় কিশোরদের আড্ডা কমেছে। পুলিশ সতর্ক থাকলে কিশোরদের উশৃঙ্খলতা কমে আসবে।

কিশোর গ্যাং বিরোধী অভিযান সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাদিয়া নূর বলেন, মূলত অভিভাবদের সচেতন করার জন্য পুলিশের এই অভিযান পরিচালিত হয়েছে। এরা মূলত সন্ধ্যার পরে বিভিন্ন স্থানে আড্ডা দেয়ার কারণে সতর্ক করা হয়েছে। তারা কোন অপরাধ কিংবা কিশোর অপরাধে জড়িত নয়। যে কারণে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলায় কিশোর গ্যাং কত এমন সংখ্যা আমাদের কাছে নেই। তবে গত ২৭ সেপ্টেম্বর অভিযানের পর থেকে তিনটি অভিযানের পরে ওইসব স্থানে কিশোরদের আড্ডা এখন নেই।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম