চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন ‘সোহেল ব্যাটারি’ নামে কারখানার বিষাক্ত বর্জ্যে ‘মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ’ নামের একটি খামারের ৮টি গবাদি পশু (গরু) অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে এই ঘটনা ঘটে।
বুধবার (২৯ মে) সকালে এ ঘটনায় ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি মো. জসিম উদ্দিন লিটন।
অভিযোগ উল্লেখ করা হয়, ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দেন খামারী জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৮টি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারেই ৩টি গরু জবাই করে ও ৫ টি গরু কসাইর কাছে সল্প মূল্যে বিক্রি করে দেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ার কারণে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবারও চালু করার পর এমন ঘটনা ঘটে।
খামার মালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘গত পাঁচ বছর ধরে খামার করেছি। কোনদিন অসুবিধা হয়নি। এই প্রথম ‘ সোহেল ব্যাটারি’ কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।’
ব্যাটারি কারখানা মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অন্য সকল কাগজপত্র আমার আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দিব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়া পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল। যে কারণে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফম/এমএমএ/


