ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রীম তৈরি করায় জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরে ক্ষতিকর রং ব্যবহার, অন্যের প্যাকেট ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে শহরের বিপনীবাগ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্ষতিকর রং ব্যবহার, অন্যের প্যাকেট ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে ফ্রেস কো আইসক্রিম ফ্যাক্টরী মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় ক্ষতিকর রং মেশানো এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন আইসিক্রিম ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো: জসিম উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

চাঁদপুর সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম