কচুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কচুয়া (চাঁদপুর): ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কচুয়া শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কচুয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)-এর চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য ডা. কামাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দিন, জুনিয়র হিসাব কর্মকর্তা কুলসুমা আখন্দ দুপুর, ফিল্ড অফিসার ইব্রাহীম মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিআরডিবির উপকারভোগীরা।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি উন্নত, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীলতা, সততা ও দেশপ্রেমের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিআরডিবির উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির দুটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম