চাঁদপুর : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র-জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশ পন্থী আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাইনা। আমরা চাই এই দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে।
তিনি বলেন, আমাদের লড়াইটা মূলত গত ৫৩ বছরের একটি অস্থিতিশীল বাংলাদেশ থেকে বেরিয়ে একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই।
মাহফুজ বলেন, ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে চারটি পত্রিকা ছাড়া সকল মিডিয়া বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার চেষ্টা করেছেন। নব্য দেশটির স্বাধীনতাকে ভুলণ্ঠিত করেছে। কয়েক হাজার বিরোধী নেতাকে গুম করেছেন শেখ মুজিব। ওই সময়ের পর থেকে আওয়ামী লীগের নেতারা একই স্টাইলে বাংলাদেশে গুম-খুন করেছিলো।
এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে গণহত্যা, নিপিড়ন-নির্বিচার ও লুটপাট চালিয়েছে এবং গুম-খুন ধর্ষন করেছে, সে সকল প্রতিষ্ঠানের সংস্কার ব্যতিত সামনে আগাতে চাই না। আমরা যদি ন্যুনতম সংস্কার না করে নির্বাচন করি, তাহলে আওয়ামী দোষররা ওই সব প্রতিষ্ঠানে থেকে যাবে। তাহলে জনগণ বৈষম্য ও নিপিড়ন মুক্ত হতে পারবেনা। সুতরাং সংস্কার কমিটির রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দল ও অংশিজনের সাথে আলোচনা করে এবং সংস্কার গণতান্ত্রিকভাবে পট-পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।
হাজীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা তাপস শীল, উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ডিবি পুলিশ ও হাজীগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েক শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


