প্রকাশিত হয়েছে নুরুন্নাহার মুন্নির গল্পগ্রন্থ ‘ভাঙা নদীর মানুষ’

জীবন কখনও নদীর মতো বহমান, কখনও ভাঙনের মতো নির্মম। সেই ভাঙাগড়ার ভেতরেই জন্ম নেয় মানুষের গল্প, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস আর অস্তিত্বের নানা অনুচ্চারিত কথকতা। এমনই জীবনঘনিষ্ঠ অনুভব ও মানবিক উপলব্ধির কথাসাহিত্যিক নির্মাণ নিয়ে প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির গল্পগ্রন্থ ‘ভাঙা নদীর মানুষ’।

নদীমাতৃক বাংলার জনপদ, মানুষের জীবনসংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন, সমাজবাস্তবতা এবং সময়ের অন্তর্লীন ক্ষত গল্পকারের কথাসাহিত্যে বিশেষ তাৎপর্য বহন করে। ‘ভাঙা নদীর মানুষ’ শিরোনামটিও যেন এক বিস্তৃত জীবনদর্শনের প্রতীক। নদী এখানে কেবল ভৌগোলিক কোনো প্রবাহ নয়, বরং মানুষের জীবন, সময়, বিচ্ছেদ, পরিবর্তন ও অস্তিত্বের এক বহুমাত্রিক রূপক।

নুরুন্নাহার মুন্নি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। কবিতা ও কথাসাহিত্যে তাঁর স্বতন্ত্র মনন, বিষয়বৈচিত্র্য এবং সমাজসচেতন দৃষ্টিভঙ্গির পরিচয় ইতোমধ্যে পাঠকমহলে আলোচিত হয়েছে। নুরুন্নাহার মুন্নির এই গল্পগ্রন্থ তেরোটি গল্প রয়েছে যা পাঠকের সামনে জীবন, অনুভব ও উপলব্ধির জানালা খুলে দেবে, এমন প্রত্যাশা করা যায়।

উল্লেখ্য, কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি ১৯৮৩ সালে বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর। জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত লেখা পাঁচ শতাধিক। বাংলাদেশ ও ভারতে প্রকাশিত গ্রন্থ ৭ টি। গল্পগ্রন্থ ‘স্মৃতির ভায়োলিন’, ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ এবং কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’, ‘উল্লেখযোগ্য। সম্পাদনা করছেন ছোটকাগজ ‘আখ্যান’।

তিনি দিল্লিতে অনুষ্ঠিত সার্ক লিটারেচার ফেস্টিভ্যালে অংশগ্রহন করেন এবং ফেকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিস (FAHIICIC 2nd International Conference 2026) ) – এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন । তিনি বর্তমানে সাহিত্য একাডেমি চাঁদপুর-এর নির্বাচিত নির্বাহী সদস্য। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শব্দকথা সাহিত্য পুরস্কার, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ পুরস্কার -সহ একাধিক পুরস্কার ও সম্মাননা।

গ্রন্থের ধরণঃ গল্পগ্রন্থ
প্রকাশনীঃ অনুপ্রাণন প্রকাশন
প্রচ্ছদঃ আইয়ুব আল আমিন
মূল্যঃ ৩২৫ টাকা।

ফোকাস মোহনা.কম