চাঁদপুর: চাঁদপুরের পুরান বাজারে অবস্থিত গিয়াস উদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিবছর প্রায় ১৫ লাখ টাকা ভর্তুকি দিয়ে অসচ্ছল ও অসহায় গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আল্ট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকায় হাসপাতালটি বিশেষ করে চরাঞ্চল ও নিম্ন আয়ের মানুষের কাছে আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মাত্র ১০০ টাকা টিকিটের বিনিময়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে তুলনামূলক কম খরচে। বর্তমানে বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু রয়েছে। একজন চিকিৎসক, কর্মকর্তা ও নার্সসহ মোট ১৭ জন কর্মী হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, পুরান বাজার ও আশপাশের এলাকা, বিশেষ করে চরাঞ্চলের অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিজস্ব অর্থায়নে ২০ শয্যাবিশিষ্ট তিনতলা হাসপাতালটি নির্মাণ করে। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নিজস্ব অর্থায়নে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে আর্থিক সংকটে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ১৬ বছর বন্ধ থাকার পর ২০১১ সালে গিয়াস উদ্দিন আহমেদ ও মঞ্জুরা ফাউন্ডেশন রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে চুক্তির মাধ্যমে হাসপাতালটি পুনরায় চালু করে।
বর্তমানে ফাউন্ডেশনের অর্থায়নে হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরুর দিকে বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা ভর্তুকি দেওয়া হলেও রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমানে তা কমে প্রায় ১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহে ছয় দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে হাসপাতালে গিয়ে কয়েকজন নারী রোগীকে চিকিৎসাসেবা নিতে দেখা যায়। রাজরাজেশ্বর ইউনিয়ন থেকে আসা রোগী মারুফা বেগম বলেন, পাঁচ বছর ধরে পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা নিচ্ছেন। অন্য হাসপাতালে আল্ট্রাসনোগ্রামে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা লাগলেও এখানে মাত্র ৭০০ টাকায় করা যায়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল মাওয়া বলেন, ২০১৮ সাল থেকে তিনি এখানে চিকিৎসাসেবা দিচ্ছেন। অধিকাংশ রোগী চরাঞ্চলের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। সাধ্য অনুযায়ী তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বরকত উল্লাহ পাটোয়ারী জানান, ভবিষ্যতে গর্ভবতী মায়েদের প্রসবসেবা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে হাসপাতালের আরেক প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের কথা বিবেচনা করেই নিয়মিত ভর্তুকি দিয়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে।
সীমিত অর্থায়নেও অসহায় মা ও শিশুদের পাশে দাঁড়িয়ে হাসপাতালটির এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
ফম/এমএমএ/


