মতলব উত্তর (চাঁদপুর) : দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সুজাতপুর দশতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির স-হসভাপতি গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, সদস্য জাহাঙ্গীর আলম মামুন ও নুরুজ্জামান সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
ফম/এমএমএ/


