চাঁদপুর : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ কর্মসূচি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন শ্রীলঙ্কা থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নবম বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন ‘এক টাকায় বৃক্ষরোপণ’-এর আমন্ত্রণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রীলঙ্কার ন্যাশনাল ইয়ুথ সার্ভিসেস কাউন্সিল (এনওয়াইএসসি) ও হোপ ৮৭-এর যৌথ উদ্যোগে আয়োজিত যুব বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ২০ সদস্যের প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘এক টাকায় বৃক্ষরোপণ’ সংগঠনের চাবিপ্রবি সমন্বয়ক এস এম মঞ্জুরুল ইসলাম সাজিদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খাদিজা খাতুন টুম্পা, আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, ছাত্র হলের প্রভোস্ট আবু রুম্মান রিফাত এবং হোপ ৮৭ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেজাউল করিম বাবু।
কর্মসূচির অংশ হিসেবে শ্রীলঙ্কান প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণে অংশ নেন। এর মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধুত্বের শিকড় ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/


