মতলবে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পৃথক অভিযানে নিষিদ্ধ জাল এবং অস্থায়ী আড়ৎ থেকে মা ইলিশ জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, ইলিশের প্রজনন রক্ষায় গত ২৪ ঘন্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজার মেঘনা শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করে মাছ শিকার করায় ২০ জেলেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জেলেরা হেলেন- আলী হোসেন ব্যাপারী (৪৮), ইদ্রিস আলী মোল্লা (৪২), রহিম বাদশা (৩০), রাজিব হাওলাদার (২২), মো. হোসেন (১৯), কুদ্দুস সরদার (৪০), মোত্তালেব বন্দুকসি (৪৫),  হাফেজ বেপারী (৫৫), উজ্জল হাওলাদার (৩০),  বুটু খান (৩৯), নিজাম খান (৪৮), রাব্বি খান (২২), মো. আক্তার ঢালী (৬৫), মো. জাফর বালা (২৮), মো. খোকন শেখ (৪০), মো. আসিফ সরদার (২৫), মো. শিপন শেখ (২৮), শ্যামল মালু (৪৬), মো. খাজা (৫৫) ও মো. শাহজাহান (৫০)।

এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, সকালে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় উপজেরার মোহনপুর ও নয়কান্দি মেঘনা উপকূলীয় এলাকায় অস্থায়ী মাছের আড়তে অভিযান পরিচালনা করে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় অপর অভিযানে জব্দ করা হয় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম