মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলবে দক্ষিণে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’।
সোমবার (৫ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে মতলব উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবার।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আবর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মতলব দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেয়।
র্যালিটি মতলব শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইসমাম বলেন,শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না; বরং একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, সঠিক নৈতিক শিক্ষায় ভিত্তি তৈরি করতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি
এমদাদ হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব সরকার,মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তারা।
ফম/এমএমএ/


