চাঁদপুর: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকালে ফায়ার সার্ভিসের লাইসেন্স ব্যতীত দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণ এবং অগ্নি নির্বাপক স্প্রে সংরক্ষণ না করার অপরাধে এস এস বাজার-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ব্রাদার্স কর্পোরেশন-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর স্টেশনের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


