চাঁদপুরে হার্ডওয়্যার দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চাঁদপুর হার্ডওয়্যার নামের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের থিনার, তারপিন, রং, বার্নিশ, সুপার গ্লুসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম পাওয়া যায়। এসব পণ্যের কিছুতে নাম-ঠিকানা উল্লেখ ছিল না। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য, খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগও পাওয়া যায়।

এ ধরনের অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থার আওতায় এনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে ওই এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম