মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

চাঁদপুর:  মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক (গোল্ড মেডেল) অর্জন করে প্রথম স্থান লাভ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, চলতি মাসের ১০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেটালিং জায়ায় এ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল গোল্ড মেডেল অর্জন করে। সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে ‘WALL-E’ প্রজেক্টের জন্য প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে।

স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন জানান, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ খবর শুনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা দুই শিক্ষার্থীর এ সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠান পাশে থাকবে এবং সহযোগিতা করবে।

এদিকে সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে দুই শিক্ষার্থী।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম