চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে খামারে আগুন লেগে ৩ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। শোক সইতে না পেরে খামার মালিক হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর মিজি বাড়ির ইয়াকুব আলী গরুর খামারে আগুন লেগে খামারটি সম্পুর্ন পুড়ে যায়। খামারে থাকা ৩ টি গরু পুড়ে ছাই হয়ে মারা যায়।
আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে কোন কাজ হয়নি। চোখের সামনে খামারে গরুর করুন দৃশ্য দেখে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন খামার মালিক ইয়াকুব আলী।
ইয়াকুব আলীর ছেলে আমান উল্লাহ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই নেক্কারজনক কাজ করা হয়েছে। জামাতা মো. খোকন জানান, কিছু দিন পূর্বে খামার থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে এ সময় গরু রেখে তারা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ধারণা করছেন পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। খামারটিতে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না।
বুধবার দুপুরে বাড়ির পাশে গরু গুলো মাটি চাপা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
ফম/এমএমএ/


