মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের অভিযানে সন্ত্রাসী কর্মকান্ড, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে প্রেরন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ সাগর, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অলি উল্লাহ, কাউসার হোসেন ও শাহজালাল।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অখিল সরকার বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে দুপুরে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ফম/এমএমএ/


