পিংড়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ!

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের মধ্য পিংড়া গ্রামের গাজী বাড়িতে দীর্ঘদিনের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপায় না পেয়ে ভুক্তভোগী মিজানুর রহমান গাজী বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যের দারস্থ হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই বাড়িতে গিয়ে চলাচলের ওই রাস্তার পশ্চিম ও পূর্বে টিন ও বাঁশ দিয়ে বন্ধ অবস্থায় পাওয়াগেছে।

আলাপ করে জানাগেছে, ওই বাড়ির মিজানুর রহমান ও মালেক গাজীরা আপন চাচাত-জেঠাত ভাই। বাড়ির লোকজন এক সময় মিজানুর রহমানদের ঘরের সামনে দিয়ে চলাচল করত। কিন্তু বাড়ির চলাচলের সুবিধার্থে অনেকেই এখন উত্তর দিকে রাস্তা দিয়ে হাঁটেন। যার ফলে পুরনো রাস্তা এখন আর ব্যবহার হয় না। প্রায় দুই যুগের অধিক মিজানুর রহমান পরিবার তার আপন চাচাত ভাই মালেক ও খালেক গাজীদের সীমানার শেষ দিক দিয়ে রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করে খালেক গাজী প্রবাস থেকে আসার পর এই চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

এই বিষয়ে মিজানুর রহমান বলেন, তিনি রাস্তা বন্ধ করে দেয়ার পর মালেক ও খালেক গাজীর কাছে গিয়েছেন। তারা দুইজনই সৌদি প্রবাসী। তাদেরকে অনুরোধ করেছেন চলাচলের রাস্তা যেন বন্ধ না করেন। কিন্তু তারা তা মানতে রাজি নন। তারা অন্য দিক দিয়ে রাস্তা মাটি কেটে তৈরি করে হাটার জন্য বলেছেন।

এই বিষয়ে খালেক গাজী বলেন, তাদের দুই ভাই প্রায় দুই যুগ পূর্বে ৭৫ হাজার টাকা খরচ করে চলাচলের রাস্তা তৈরি করেছেন। তখন মিজান গংরা কোন আর্থিক সহায়তা করেননি। এখন তাদের দুই ভায়ের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা হয়েছে, তাই তিনি তার অংশ দিয়ে চলাচল করতে দিবেন না। কারণ রাস্তার অংশ তার ভাই তার বাগের সাথে দিয়েছেন। যদি রাস্তার জন্য ছাড়া হয়, তাহলে তিনি তার অংশ থেকে ওই পরিমান সম্পত্তি কেটে নিবেন।

তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হোসেন বলেন, বিষয়টি অমানবিক। আমি নিজে গিয়ে খালেক গাজীকে বলেছি আপাতত চলাচলের রাস্তা যেন বন্ধ না করে। কারণ আগামী অগ্রহায়ন মাসে তাদের বাড়ির এসব বিষয় নিয়ে বৈঠক হবে, তখন যেন বিষয়টি সুষ্ঠু সমাধান হয়। আর মিজানের দুই ছেলে আছে আলেম। তারা যে কোন স্থান দিয়ে চলাচল করতে পারে না। নানা মানবিক বিষয়ে বিবেচনা করে আমি তাদের চলাচলের রাস্তা খুলে দেয়ার জন্য অনুরোধ করছি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম