টিকিট কেটেও মিলছে না আসন, সুরমা সুপারে যাত্রী ভোগান্তির অভিযোগ

কচুয়া (চাঁদপুর) : টিকিট কেটেও নির্ধারিত আসন না পাওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলার বাস পরিবহন সুরমা সুপার-এর বিরুদ্ধে। ফলে টিকিটধারী যাত্রীদের বাসের সামনের অংশে চালকের পাশে দাঁড়িয়ে বা কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার সকাল ৮টার দিকে ঢাকা–কচুয়া–রহিমানগর–হোসেনপুর রুটে চলাচলকারী সুরমা সুপার পরিবহনের একটি বাসে এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, তারা কচুয়া বিশ্বরোড এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা সুপারের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন। কিন্তু টিকিটে আসন নম্বর উল্লেখ থাকার পরও বাসে উঠে সেই অনুযায়ী আসন পাননি তারা। একপর্যায়ে কয়েকজন যাত্রীকে চালকের আসনের আশপাশে দাঁড়িয়ে কিংবা বসার অনুপযুক্ত স্থানে কষ্ট করে যেতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাসের চালক ও কন্টাক্টরের সঙ্গে কথা বললে তারা জানান, কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হলেও টিকিট অনুযায়ী সব যাত্রীর জন্য নির্ধারিত আসন নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়নি।
এদিকে ভুক্তভোগী যাত্রীরা প্রশ্ন তুলে বলেন, “কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরও যদি নির্ধারিত সিট না পাওয়া যায়, তাহলে কাউন্টারে টিকিট বিক্রি কিংবা কাউন্টার থাকার প্রয়োজন কী?”
যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার বাসে টিকিটের বিপরীতে নির্ধারিত আসন নিশ্চিত করা পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু টিকিট বিক্রির পর আসন না পাওয়ায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টিকিটের বিপরীতে যাত্রীদের নির্ধারিত আসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম