মেয়াদ-উৎপাদনের তারিখবিহীন খাদ্য বিক্রি, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাতকারী প্রতিষ্ঠানের পণ্য বিক্রি এবং অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা মনিহারি স্টোরকে ৫ হাজার টাকা, আলবি প্যাকেজিং হাউজকে ৫ হাজার টাকা, আরা বিস্কুট হাউজকে ৫ হাজার টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সোহেল সাজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম