চাঁদপুর: শ্রীকৃষ্ণের শুভ আভির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) বিকেলে সংগঠনের চাঁদপুর জেলা আহবায়ক রঞ্জীত রায় চৌধুরী নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
শহরের গোপাল জিউ আখড় মন্দির কেন্দ্রস্থল থেকে উৎসবমুখর ও সুসজ্জিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন এবং রথ নিয়ে অংশ নেন। অনেক শিশু-কিশোরকে শ্রীকৃষ্ণ ও রাধাকান্তের সাজে সজ্জিত হতে দেখা যায়, যা র্যালিতে বিশেষ আকর্ষণ যোগ করে।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের আহবায়ক রঞ্জীত রায় চৌধুরী, যুগ্ন আহবায়ক দীপঙ্কর রায় দীপক, যুগ্ন- সদস্য সচিব অমল কান্তি ধর, কার্যকরী সদস্য অখিল দেবনাথ, বীণাপানি দেবনাথ, উপদেষ্টা রতন দাস, ছাত্র মহাজোট চাঁদপুর সদর উপজেলার আহবায়ক কান্ত দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাপ মোচন ও অধর্মকে দূর করে ধরায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আর্ভিবাব হয়েছিল। সমাজে সত্য, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।” নেতৃবৃন্দ আবহমান বাংলার সাম্পদায়িক প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, ধর্মীয় ও মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



