কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামে চলাচলের রাস্তা ও ব্যক্তিমালিকানাধীন জমির অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে গ্রাম আদালতে শুনানির তারিখ নির্ধারিত থাকলেও তার আগেই দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, তুলপাই গ্রামের বাসিন্দাদের চলাচলের রাস্তার একটি অংশ এবং তুলপাই-ফতেপুর ৪০ নম্বর মৌজায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলামের ছয় শতাংশ জমির উত্তর-পশ্চিম পাশের কিছু অংশ দখল করে ইটের দেয়াল নির্মাণ করছেন একই গ্রামের মৃত সরবত আলীর ছেলে আলী হোসেন।
এ ঘটনায় তাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করেন। আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) দুই পক্ষকে নিয়ে শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। তবে অভিযোগকারী পক্ষের দাবি, শুনানির অপেক্ষা না করে দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে।
সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, আলী হোসেন জোরপূর্বক তাঁর জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছেন। একই সঙ্গে বাড়িতে চলাচলের রাস্তাটিও দখলের চেষ্টা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সালিশকারীরা বাধা দিলেও কাজ বন্ধ হয়নি।
তাজুল ইসলামের আরও অভিযোগ, বাড়ির পশ্চিম পাশে কৃষক ও এলাকাবাসীর চলাচলের জন্য সরকারি খাস জায়গা বা হালট রয়েছে। সেটিও দুই পাশের লোকজন দখল করে রাখায় কৃষকরা ফসল পরিবহন ও কৃষিযন্ত্র মাঠে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আলী হোসেন বলেন, আমার জায়গায় আমি দেয়াল নির্মাণ করছি। কারও জায়গা দখল করিনি।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, তাজুল ইসলাম গ্রাম আদালতে অভিযোগ করেছেন এবং বুধবার শুনানির দিন রয়েছে। এর আগেই আলী হোসেন বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন।
স্থানীয়দের দাবি, জমির সীমানা ও সরকারি হালটের বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
ফম/এমএমএ/



