চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় মৈশাদী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চাঁদপুর মডেল থানা।
মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। একটি পরিবারে একজন সদস্য মাদকে আসক্ত হলে পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। মাদক একটি ভয়ানক ব্যাধি। মাদকের বিরুদ্ধে নারীদেরও সোচ্চার হতে হবে। পুরুষের পাশাপাশি নারীদেরও মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জেলা বিএনপির সদস্য খান আব্দুর ছাত্তার, জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসারসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা জরুরি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।
সমাবেশ শেষে মৈশাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। এতে শিক্ষক, মসজিদের ইমাম, ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফম/এমএমএ/



