চাঁদপুর : গত দুই সপ্তাহে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি বেড়েছে কয়েকগুন। তবে দাম আগের মতই। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২হাজার ৯শ’ থেকে ৩হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম। দক্ষিণাঞ্চল থেকেও আসছেনা ইলিশ। যার ফলে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ দিয়ে চলছে কেনাবেচা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ও মৎস্য সমিতির নেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।
কিছু সময় আড়তগুলো অবস্থান করে দেখাগেছে, অধিকাংশ বিক্রেতা খুচরা ইলিশ বিক্রি করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা দরদাম করে ক্রয় করছেন ইলিশ। আর পাইকারি বিক্রি হচ্ছে খুবই কম। অধিকাংশ ইলিশ বড় সাইজের।
আকবর আলীর আড়তের সামনে দেখাগেলা মেঘনার আহরিত বেশকিছু তাজা ইলিশ। হাকডাকে এই ইলিশের মণ ১লাখ পর্যন্ত উঠেছে। ইলিশের ওজন হবে ৭শ’ থেকে ৯শ’ গ্রাম।
পাশের আড়তের সাইফুল ইসলাম বলেন, আগে মৎস্য অবতরণ কেন্দ্রে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেক ইলিশ এসেছে। এখন খুবই কম। চাঁদপুরের হাইমচর চরভৈরবীসহ আশপাশ থেকে ইলিশ বেসি আসছে। তার আড়তে ১ কেজি ওজনের লোকাল ইলিশ ২হাজার ৯শ’ থেকে ৩ হাজার টাকা। ১ কেজি ২শ’ থেকে ৪শ’ গ্রাম ওজনের ইলিশ ৩হাজার থেকে ৩ হাজা ২০০টাকা। আর ৭ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৪শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা।
নোয়াখালী জেলার সেনবাগ থেকে বন্ধুদের নিয়ে ইলিশ কিনতে এসেছেন ফাহিম ও তার বন্ধুরা। ফাহিম জানান, বড় সাইজের ইলিশ দেখলাম এখানে। দরদাম করছি, দামে বনলে কেনা হবে।
একাধিক মাছ ব্যবসায়ীরা সাথে আলাপ করে জানাগেছে, গত তিন বছর পূর্বে ইলিশের এই ভরা মৌসুমে প্রতিদিন মৎস্য অবতরণ কেন্দ্রে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ কেনাবেচা হয়েছে। এখন তা নেমে ১শ’ থেকে দেড় শ’ মনে এসেছে। চাহিদার কারণে ভরা মৌসুমে ইলিশের দাম ততটা কমেনি।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, অন্য জেলা থেকে ইলিশের আমদানি নেই। স্থানীয় ইলিশ দিয়ে কেনাবেচা চলছে। গত দুই সপ্তাহ পূর্বে ইলিশের আমদানি কম ছিলো। এখন ভরা মৌসুম হওয়ায় প্রতিদিন গড়ে ১শ’ থেকে দেড়শ’ মণ ইলিশ আমদানি হচ্ছে। চাহিদা থাকায় দাম অনেকটা আগের মতই আছে।
চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এখন ইলিশের ভরা মৌসুম। গত কয়েকবছর জাটকা ও মা ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছে। আগে ছোট সাইজের ইলিশের গড় সংখ্যা ছিল বেশী।
ফম/এমএমএ/



