আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী, নবীদের সরদার ও মানবতার মুক্তি দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন।

আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন।নবীজীর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তার বাবাকে হারান ও ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।

৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসাবে খুবই আন্তরিকতার সাথে পালন করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন। অনেকে এদিনে নফল রোজা রাখেন।

দেশে আজ রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ অঙ্কিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও লাইট পোস্টে টানানো হয়েছে।

ফোকাস মোহনা.কম