বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকার

চাঁদপুরে সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা

চাঁদপুর : চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীগণ বৈষম্যহীন ও দুর্নীমিুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে স্থানীয় নাগরিক সমাজকে আরো বেশী সক্রিয় ভুমিকা পালনের আহবান জানান।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও কার্যকর এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার ( ২১ আগস্ট) সকালে চাঁদপুর সদরের প্রেসক্লাব ভবনে উক্ত অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক চাঁদপুর এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় ২০২২ সাল থেকে টিআইবি কর্তৃক বাস্তবায়িত ‘প্যাক্টা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনায় স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, অর্জন ও শিক্ষণীয় বিষয়ে মত বিনিময়ের পাশাপাশি স্থানীয় তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার কৌশল নিয়ে আলোচনা করেন।

সনাক চাঁদপুর’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর পাটওয়ারী’র সভাপতিত্বে এবং সনাক সদস্য মোঃ হাবীবুর রহমান পাটওয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। এসময় কাজী শফিকুর রহমান বলেন, টিআইবি হচ্ছে একটি স্বপ্নের নাম, আমরা স্বপ্ন দেখি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশের, অসাম্প্রদায়িক ও ন্যায্যতাভিত্তিক একটি বাংলাদেশের।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যুগে যুগে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও এখনো আমরা একটি নিরাপদ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারিনি। তিনি আরো বলেন, আমরা আমাদের ছোট ছোট কোন বস্তু ছিনতাই হলে প্রতিবাদ করি, কিন্তু আমাদের বহুদিনের লালিত স্বপ্ন ছিনতাই হয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রতিবাদ করিনা। টিআইবি এজন্যই কাজ করে যাতে আমাদের স্বপ্ন কেউ ছিনতাই করতে না পারে।

তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্থানীয় অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের আরও সক্রিয়ভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে সনাক সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী বলেন, “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদার করতে হলে আমাদের সকলেকে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে ছোট ছোট অনেক অর্জন করেছি, কিন্তু তা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, বিভিন্ন আন্দোলনে যেভাবে তরুণরা এগিয়ে এসেছে সেভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনেও তরুণদের সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি।

এই আন্দোলনে আমরা আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে যুক্ত হয়েছি। এই আন্দোলনকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, “আমাদের পূর্বসূরিরা একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য বিভিন্ন সময় নিজের বুকের তাজা রক্ত দিয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধ শুরু হয়েছে অনেক আগে, কিন্তু এখনো শেষ হয়নি। তরুণ প্রজন্মকে আরেকটি যুদ্ধ করতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তিনি তরুণ প্রজন্মকে দুর্নিতিবিরোধী সামজিক অন্দোলনে আরো সক্রিয় ভুমিকা পালন করার আহবান জানান।” সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক চাঁদপুর’র সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন ও কাজী শাহাদাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য যথাক্রমে কৃষ্ণা সাহা, ইসমত আরা সাফি বন্যা, এ.বি.এম নজরুল আমিন, লীলা মজুমদার, মোঃ খোরশেদ আলম পাটওয়ারী এবং বিভিন্ন এসিজি ও ইয়েস দলের সদস্যবৃন্দ প্রমুখ।

সভার শেষাংশে সনাক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর পাটওয়ারী’র নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম