কচুয়া (চাঁদপুর): বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই অভিযানে নিয়ম ভঙ্গের কারণে কচুয়া বাজারের একটি সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) রাতে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কচুয়া জোনাল অফিসের কর্মকর্তারা নিয়ম ভঙ্গকারী সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির বাজারের ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সন্ধ্যা ৮টার মধ্যে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।
অভিযানে কচুয়া জোনাল অফিসের ডিজিএম, এজিএম, প্রকৌশলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



