চাঁদপুর সদরের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ

সন্তানের পড়াশোনায় নজরদারির আহ্বান

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল ইসলাম।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল ইসলাম।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; এর সঙ্গে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানের পড়াশোনা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং বাসায় লেখাপড়ার পরিবেশ-সবকিছুর ওপর অভিভাবকদের নিয়মিত নজর রাখতে হবে।

মাওলানা নুরুল ইসলাম বলেন, অনেক অভিভাবক মনে করেন, সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলেই শিক্ষকেরা তার ভালো ফলাফলের নিশ্চয়তা দেবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা না করলে শুধু বিদ্যালয়ের ওপর নির্ভর করে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব নয়। তাই সন্তান বিদ্যালয়ে ঠিকমতো যাচ্ছে কি না, বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কি না এবং পড়াশোনায় কোনো ধরনের গাফিলতি করছে কি না-এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশিত ফল করতে না পারলে অনেক সময় অভিভাবকেরা শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়ী করেন। অথচ একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন অভিভাবকেরাই সন্তানকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রসঙ্গ তুলে প্রতিষ্ঠানের সভাপতি বলেন, পরীক্ষার্থীদের তিনি আশ্বস্ত করেছিলেন যে, তারা সম্মানজনক ফলাফল অর্জন করলে এবং এ-প্লাস পেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ অনুদান দেওয়া হবে। তবে দুঃখজনকভাবে এবার কোনো শিক্ষার্থীই সেই প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি। এ ঘটনা থেকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও দায়িত্বশীল হওয়ার শিক্ষা নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মফিজুল ইসলাম খন্দকার, মো. নুরুল ইসলাম, মানিক মুন্সী ও মানিক মিজি। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জহিরুল ইসলাম, আবুল বাশার খান, নাসরিন আক্তার ও মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কাজী সাইফুর রহমান। সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম