কেউ অনৈতিক কিছু করলে তাদের বিরুদ্ধে লিখবেন; আমি আপনাদের পাশে আছি

দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তি অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারের নির্ধারিত এসওপি (SOP) অনুযায়ী উন্নয়নমূলক কাজ হচ্ছে কিনা, তা সরেজমিনে গিয়ে খতিয়ে দেখতে হবে। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি লেখকদের ও সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।”চাঁদপুর সদর এবং হাইমচরে যেকোনো সরকারি বা উন্নয়নমূলক কাজে আপনারা নিজেরা যাবেন। যদি কেউ অনৈতিক কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন; আমি আপনাদের পাশে আছি।”

রোববার (২ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

সম্প্রতি সংবাদের চিত্রে দেখা গেছে, একটি ব্রিজের ঢালাইয়ে কোনো সিমেন্ট বা কংক্রিট নেই, শুধু বালু উঠে আসছে। ফ্যাসিবাদের সময়ে গড়ে ওঠা সিন্ডিকেট ও তাদের সহযোগী প্রকৌশলীরা এখনো কীভাবে এত সাহস পায়?” এ প্রশ্ন তুলেন এমপি।

প্রধান অতিথি বলেন, ২০০৬ সালে এই দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার পথ চলা আরম্ভ করেছে। বিল্লাল ভাই এবং শাহজাহান দুইজনে একবার রাত ৯ টার সময় আমার কাছে গিয়েছে যে দাওয়াত দেওয়ার জন্য, “ভাই, আমরা তো পত্রিকাটা চালু করব, তো আপনাকে একটু আমাদের ওখানে আসতে হবে এবং আপনার সার্বিক সহযোগিতা থাকবে।”

সার্বিক সহযোগিতা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। সে হিসেবে আমি মনে করি এই পত্রিকার আমিও একজন পাঠক, এবং আমিও একটা পার্ট।

তিনি ফ্যাসিবাদ সরকারের শাসনামলের কথা উল্লেখ করে বলেন, আমরা সরকার বিরোধী আন্দোলন শুরু করেছি ২০১০ সালে। আমাদের মাঝে নাই জামাতের আমির আহমদ উল্লাহ মিয়া। আমরা রাস্তায় অনেকদিন পিকেটিং করেছি। একসাথে রাস্তায় বসেছিলাম। এখানে বিল্লাল ভাই, শাহজাহান ভাই,জাহাঙ্গীর ভাই, আরেকজনরে মিস করি, আরিফ। আমি আরিফরে দেখি না। ও পৌর জামায়াতের আমীর ছিল। আমাদের ঐ সময়ে মনে হয় ছাত্রশিবিরের সেক্রেটারি ছিল আরিফ। সে এখন জাপানে আছে, সে যোগাযোগ করে। এ পত্রিকা সম্পর্কেও আমাকে বলে।

ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন ,নির্বাচনের ঠিক আগে ‘দিগন্ত’ নামে প্রচারিত একটি ভুয়া সংবাদের স্মৃতিচারণ করে অসত্য প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, “শিক্ষিত সমাজ ও সাধারণ জনগণ কোনো ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত হয় না। তারা তাদের নিজস্ব বিবেক প্রয়োগ করেই সিদ্ধান্ত নেন। তাই পত্রিকা ব্যবহার করে কেউ যেন ভুয়া খবর ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এবং তরুণ রাজনৈতিক নেতৃত্বের বিষয়ে ভুল বোঝাবুঝি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তাদের মধ্যে কোনো বিরোধ বা দূরত্ব নেই।

তিনি উল্লেখ করেন, এনসিপির সাথে বিএনপির কোনো দূরত্ব বা ঝগড়া নেই। চাঁদপুরে এনসিপি প্রোগ্রাম করে গেছে এবং আমি নিজে হাসনাত আবদুল্লাহকে চায়ের দাওয়াত দিয়েছিলাম। তিনি অত্যন্ত বিনয়ের সাথে সময়স্বল্পতার কথা জানিয়ে আন্তরিক উত্তর দিয়েছেন। চাঁদপুরে আমাদের সবার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে।

দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস বাবু, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহজালাল মিশন, চাঁদপুর প্রেসক্লাবের সেক্রেটারি এমএ লতিফ।

এ সময়ে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, এনসিপির জেলা মুখ্য সমন্বয়ক মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন ও মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক শিহাব উদ্দিন সেলিম এবং নিয়াজ মোরশেদ।

ফম/এমএমএ/

কেএম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম