
চাঁদপুর: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবস। এ দিবসের কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে সকল বিভেদ ভুলে সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়নই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, এনসিপি নেতা মো. তামিন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
প্রস্তুতিমূলক সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভোর ৬টা ১ মিনিটে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
একই দিন বিকেল ৩টায় চাঁদপুর পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও দুপুরে জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/



