চাঁদপুর: চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে প্রভিডেন্ট ফান্ডের অর্থের চেক তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
পৌর নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিশা এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক এরশাদ উদ্দিন এই প্রসঙ্গে বলেন , এ দফায় ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকার প্রভিডেন্ট ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর এর আগে আরও ২ কোটি টাকা প্রভিডেন্ট ফান্ড বাবদ পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থও পরিশোধ করা হবে।
প্রভিডেন্ট ফান্ডের চেক হাতে পেয়ে কয়েকজন প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থের জন্য পৌরসভায় বারবার যোগাযোগ করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়েছেন। বর্তমান প্রশাসক তাদের বাড়ি থেকে ডেকে এনে সম্মানের সঙ্গে চেক প্রদান করেছেন। এ জন্য তারা পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফম/এমএমএ/



