চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর : চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।

বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০হাজার টাকা ও সরকারি বরাদ্ধ ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূলধনী আয় ১৩ কোটি এবং প্রারম্ভিক স্থিতি ১৭ কোটি টাকা।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, জেলা পরিষদকে আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন।

প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি জনস্বার্থ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম