হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে দলটির একাংশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত সময়ে হামলা-মামলার শিকার এবং দলের জন্য ত্যাগ স্বীকারকারী পরীক্ষিত নেতাকর্মীদের নতুন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই বিদ্যমান বৈষম্য দূর করে অবিলম্বে ত্যাগীদের নিয়ে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।
সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৩ সদস্যবিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে পদ বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে একাংশ এই কর্মসূচি পালন করে।
ফম/এমএমএ/



