চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের তালুকদার বাড়িতে কালবৈশাখী ঝড়ে একটি মেহগনি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল ৮ দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির আঙিনায় থাকা বড় একটি মেহগনি গাছ উপড়ে গিয়ে আজিজ তালুকদারের বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘরের মালিক মোঃ আজিজ তালুকদার জানান, ঝড়ের তীব্রতায় গাছটি ভেঙে সরাসরি ঘরের ওপর পড়লে ঘরের টিন, কাঠামো ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, আজিজ তালুকদার ছেলে মোঃ আরাফাত (১৮) মেয়ে আবিদা সুলতানা (১২) স্ত্রী নাছিমা আজিজ (৪২)
তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন “আমরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা আইনজীবী মো. শাহজাহান খান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ঘন ঘন কালবৈশাখী ঝড়ে গ্রামীণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/



