মাত্র ৫৬ টাকায় প্নপূরণ ৪৫ তরুণ-তরুণীর 

চাঁদপুর: একসময় পুলিশের চাকরি মানেই ছিল দালাল, তদবির আর লাখ লাখ টাকা ঘুষের গুঞ্জন। সেই পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ করে চাঁদপুরে মাত্র ৫৬ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৪৫ জন তরুণ-তরুণী। স্বচ্ছ, মেধাভিত্তিক ও দালালমুক্ত নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে তাদের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।

চাঁদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিয়োগ কার্যক্রমে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়ায় ছিল না কোনো তদবির, আর্থিক লেনদেন কিংবা দালালের সুযোগ। ফলে সাধারণ পরিবারের অনেক মেধাবী তরুণ-তরুণীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে অতি স্বল্প খরচেই।

নিয়োগপ্রাপ্তদের একজন ইসরাত জাহান নিশি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় অল্প খরচে চাকরি পাওয়ায় আমার পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। অনেক পরিশ্রম করেছি, বাবা-মায়ের দোয়া ছিল। পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের ঝামেলা বা বাড়তি খরচ হয়নি।

আরেক নিয়োগপ্রাপ্ত মাজহারুল ইসলাম সৌরভ জানান, পুলিশের চাকরিতে ঘুষ ছাড়া চাকরি হয় না, এমন ধারণা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, আমি দ্বিতীয়বার চেষ্টা করে চাকরিটি পেয়েছি। প্রথমবার ব্যর্থ হওয়ার পর নিজেকে আরও প্রস্তুত করেছি। এবার সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। পুরো নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছ ছিল এবং আমি চতুর্থ স্থান অর্জন করেছি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত কোটার আওতায় চাঁদপুর জেলায় মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমে কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখা হয়, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ একটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া। তিনটি ধাপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। সরকারিভাবে চাঁদপুর জেলায় ৪৫টি পদ ছিল এবং সবগুলোতেই যোগ্য ও মেধাবীদের নির্বাচন করা হয়েছে। এখানে কোনো তদবির কাজ করেনি। কেউ তদবির করলেও কোনো লাভ হতো না। যারা ভালো করেছে, তারাই নির্বাচিত হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের স্বচ্ছ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে। একই সঙ্গে তরুণ সমাজও বুঝতে পারবে, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সরকারি চাকরি অর্জন সম্ভব।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম