চাঁদপুর : ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘাটে ভিড়তে গিয়ে ঈগল-৭ নামে লঞ্চ কাত হয়ে পড়লে প্রায় ১০ যাত্রী আহত হয়। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারও যাত্রী।
সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
লঞ্চঘাটে থাকা লোকজন জানায়, ঝড়ে প্রচন্ড বাতাস শুরু হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এর মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে এমভি ঈগল-৭ নামে লঞ্চটি কাত হয়ে যায়। ছুটি ছুটি করতে গিয়ে লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড়ে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় নৌ-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে নামার সময় কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। প্রচণ্ড ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ফম/এমএমএ/



