সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্যাপিরাস পাঠাগারে সভা

চাঁদপুর: সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ, উপমহাদেশের ঐতিহাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে আলোচনা করেন, চাঁদপুর খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন, কলেজ শিক্ষক মানসুরা আক্তার, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী ঝরনা আক্তার ও মনির হোসেন খান।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতোটুকু আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। তার ঐতিহাসিক সওগাত পত্রিকা সব সময় নজরুলের পাশে ছিলো, ব্যক্তিগতভাবেও তিনি নজরুলের প্রতিভাকে নানাভাবে তুলে ধরেছিলেন।

তিনি আরও বলেন, ভেবে গৌরবান্বিত হই যে, ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন আমাদের চাঁদপুরেরই কৃতিসন্তান। তার আরও একটি বড় পরিচয় হলো, তিনি ঐতিহাসিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জন্মদাতা পিতা। আমরা অনেকেই হয়তো জানি না, ‘সওগাত’ ও ‘বেগম’ উপমহাদেশের ঐতিহ্যবাহী এই দুই পত্রিকা আমাদের চাঁদপুরের দুই কৃতিসন্তানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম