হাজীগঞ্জে ৩’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. তানভীর হায়দার চৌধুরী

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটপোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং বীরমুক্তিযোদ্ধা মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সুযোগ্য সন্তান ডা. তানভীর হায়দার চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে তিন শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের সকল শহীদ ও ডা. তানভীর হায়দার চৌধুরীর প্রয়াত বাবা ও বড় ভাইয়ের মাগফেরাত কামনায় তার নেৃতত্বে কয়েকজন চিকিৎসক এ সেবা দেন।

এসময় হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংকান্ত সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে যেসব রোগী টাকার অভাবে হাড়ভাঙ্গা অপারেশন করতে পারে নাই এবং কবিরাজের কাছে গিয়ে অপ-চিকিৎসার শিকার হয়েছেন, তাদেরকে স্বল্পখরচে অথবা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান, ডা. তানভীর হায়দার চৌধুরী।

একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ও কৃষ্ণা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে ডা. তানভীর হায়দার চৌধুরীর সফর সঙ্গী হিসাবে একাধিক চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসাইন ও দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির’সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও তাঁর বড় ছেলের মৃত্যুবার্ষিকীতে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভির হায়দার চৌধুরী।

এছাড়া তাঁর মা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা-পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. বদরুন্নাহার চৌধুরী তাঁর স্বামী ও বড় ছেলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মায়ের দেখানো পথ ধরেই ডা. তানভীর হায়দার চৌধুরী অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে হাজীগঞ্জ’সহ চাঁদপুরের বিভিন্ন উপজেলা চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম