হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দিনগত রাত ৮টার সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অপর দিকে একই দিন শোক দিবসের পোস্টার লাগাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আটককৃতরা ছাত্রলীগ কর্মী শাহেদ ও অনিক। তাদের বিস্তারিত পরিচয় জানাযায়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গাজী অলি উল্যাহকে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই কর্মীকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট দুপরে হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের সাবেক আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুর করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। সরকার পতনের পর ২০ আগস্ট প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় ৭৪জন নামীয় ও ১০০-১৫০জন অজ্ঞাতনামা আসামী করা হয়।
ফম/এমএমএ/



