স্বেচ্ছাশ্রমে মেঘনা ধনাগোদা সেচ ক্যানেল পরিষ্কার করলেন কৃষকরা

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা দেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প। ৬৪ কিলোমিটার আয়তনের এই সেচ প্রকল্পে আবাদি জমির পরমান  প্রায় ১৭শ’ হেক্টর। এ বছর অনাবৃষ্টির কারণে আউশ আবাদ করতে পারেননি কৃষকরা। তাই এখন আমন আবাদের জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছেন। যার কারণে স্বেচ্ছাশ্রমেই জমিতে পানি সরবরাহের ক্যানেলগুলো পরিস্কার করতে শুরু করেছেন।

২৬ আগস্ট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষি সমিতির শ্রমিকরা পানির ক্যানেলে থাকা আগাছা পরিস্কার করছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা সেচ কমিটি ২৪ আগস্ট কৃষকদের আমন মৌসুমে পানি দেওয়ার লক্ষ্যে এক সভার আয়োজন করেন। সভায় কৃষকদের যৌক্তিক দাবি ও বাস্তবিক প্রয়োজনীয়তার কথা  উপলব্ধি করে পানি দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। “কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর” সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন।

এরপর ২৬ আগস্ট সকালে স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দল ও মতলব উত্তর উপজেলা সিআইজির সভাপতি মোঃ নাসির উদ্দিন সরকার ও কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর এর আহবায়ক মোঃ আতাউর রহমান সরকারের উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সেচ ক্যানেল ও নালা পরিষ্কার করেন।

সেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন, ওটারচর এর কৃষক ও সেচ্ছাসেবী মোঃ কাইয়ুম সরকার, আরিফ সরকার, ইব্রাহিম দেওয়ান, মিলন ভূইয়া, খাককান্দা গ্রামের মালেক প্রধান, আবদুর রউফ প্রধান, দুলাল প্রধান, আবদুল হক, হান্নান মিয়া ও বৈদ্যনাথপুর গ্রামের কৃষকরা।

তাদের সবার একটাই দাবি আমরা সেচ্ছাশ্রমে কাজ করতে রাজি তবুও আমার এলাকার কৃষকভাইরা পানি সংকট থেকে উত্তরণ হয়ে দেশের খাদ্য উৎপাদনে ভুমিকা রাখুক এটাই আমাদের সার্থকতা।

কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকার জানান, বাংলাদেশের জলবায়ু আকস্মিক পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের মাত্রা কখনো তীব্র  হয়ে ফসল তলিয়ে যায় আবার কখনো অনাবৃষ্টি জনিত কারণে জমি ফেটে চৌচির হয়। গতবছর এমন সময়ে অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা জলবদ্ধতার স্বীকার হয়ে নিস্ব হয়েছিলাম। এবার আবার প্রখর খরায় আউশ রোপণ অনেকেই করতে পারি নাই। যতটুকু করেছে তাও পানির অভাবে সুবিধা হয়নি। এখন আমন নিয়ে সংকটে। এসব কারণে আমরা কৃষকরা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে শস্য উৎপাদন করতে পারছি না।

তিনি আরো জানান, বৈশ্বিক খাদ্য সংকটে খাদ্য দ্রব্যের দাম ঠিক রাখার জন্য যে সব অঞ্চলে এমন সেচ প্রকল্প আছে সেসব এলাকায় জরুরি সেচ সুবিধা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সেচকমিটির কার্যক্রম কে ও আমরা সাধুবাদ জানাই। সেই সাথে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প জরুরি কর্যক্রম সবসময় চালু রাখার অনুরোধ জানাচ্ছি।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম