
চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সমাজে নানা ধরণের ব্যধি রয়েছে। কিশোর গ্যাং দেখা যাচ্ছে। শুধুমাত্র চাঁদপুরেই নয়, সারাদেশেই অনেক জায়গায় এটি দেখা যাচ্ছে। কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের দু:সাহসীকতা। আমরা এই সমস্ত সামাজিক ব্যাধি দুর করবার জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়ের নিজেদেরকে উদ্ভুদ্ধকরণ কাজের মধ্যে নিয়োজিত করার জন্য বলছি। অর্থাৎ নিজেদেরকে সেবার কাজে যুক্ত রাখা। সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানির উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান মাসে আমরা যে যার অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াব এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ। ছাত্রলীগ এদেমের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন এবং বাংলাদেশের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ছাত্রলীগ আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতায়, স্বাধীকার আন্দোলন এবং গণতন্ত্র পুনরোদ্ধারের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছাত্রলীগ যতবেশী সমাজসেবামূলক কাজে যুক্ত হবে, ততবেশী তারা একদিকে যেমন এই সমাজের যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, একইভাবে রাজনীতির যে মূল কথা দেশ সেবা, মানুষের সেবা, সেই সেবার ব্রত নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি সবাইকে সেই আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাড. হেলাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে চাঁদপুর পৌর এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত ১ হাজার ৭০০ নারী পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



