চাঁদপুর: বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য সাবেক সেনাপ্রধান ও চাঁদপুরের কৃতি সন্তান ড. আজিজ আহমেদ বলেছেন, আমি কাজ করতে গিয়ে অনেক সাংবাদিকের সাথেই আমার দারুন সুসম্পর্ক হয়েছে। তাদের সহযোগিতা আমার কাজে অনেকক্ষেত্রেই উপকারে এসেছে। তাই আমি তথ্য সরবরাহে সবসময় সাংবাদিকদের সহযোগিতা করতে পছন্দ করি। এখনও সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন বিষয়ের খবরা খবর জানানোর চেস্টা করে।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর সার্কিট হাউজে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. আজিজ আহমেদ বলেন, নিজে উদ্যোগী হলে যেকোনভাবেই জনসেবা করা যায়। আর আমি সেভাবে কাজ করেই অভ্যস্ত। আপাতাত অবসরকালীন জীবন উপভোগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি।
এক প্রশ্নের জবাবে ড. আজিজ আহমেদ বলেন, আমি এখনি রাজনীতিতে আসতেছি না। রাজনীতি করবো কিনা তাও জানিনা। সময়ের স্রোতই তা সবাইকে জানিয়ে দিবে। তবে কর্মজীবনে গিয়ে চাঁদপুরের কথা আমার বার বার মনে পড়তো। তাই যখনি সময় সুযোগ হয়েছে এই জেলার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যাতে সুস্থ্য থেকে মানুষের জন্য কিছু করে যেতে পারি সেজন্য সকলের দোয়া চাই।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত,শওকত আলী,সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার প্রমূখ। পরে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সাবেক সেনাপ্রধান ড. আজিজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফম/এমএমএ/



