
মতলব উত্তর (চাঁদপুর): আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মতলব উত্তরে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রাশেদ মোবারক, জয়িতা নারী মর্জিনা আক্তার, ইতি আক্তার সহ আরো অনেকে। অনুষ্ঠানে ৪ জন জয়িতা নারীকে চারটি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। যারা জীবন যুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তারা হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মধ্য এখলাপুর গ্রামের মোসাঃ মর্জিনা আক্তার, অর্থনৈতিক অর্জনকারী ভাবে সাফল্য অর্জনকারী পালালোকদী গ্রামের মোসাঃ তপুরা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বলাইখার কান্দি গ্রামের শাহিনা আক্তার এবং সফল জননী নারী দক্ষিণ ফতেপুর গ্রামের জরিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, নারীরা আজ কোনভাবেই পিছিয়ে নেই। তারা পুরুষের সমানে সমান হয়ে কাজ করছেন এবং এগিয়ে রয়েছেন। বেগম রোকেয়া এমনই একজন উদ্যমী নারী ছিলেন। যিনি বাংলাদেশের নারী সমাজকে আলোর পথ দেখিয়েছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছেন। তিনিই একমাত্র সরকার প্রধান যিনি নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন।
এমএ কুদ্দুস আরো বলেন, বিশে^র বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আছে নারী। তেমনি বাংলাদেশেও প্রধানমন্ত্রী নারী, সংসদের স্প্রিকার নারী এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে নারী। শুধু তাই নয় বাংলাদেশে ব্যবসা এবং কৃষি কাজেও নারীদের সফলতা রয়েছে। তাই আমি বলব নারীরা কোনভাবেই পিছিয়ে নেই। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ততদিন নারীদের উন্নয়ন হবেই।
ফম/এমএমএ/আরাফাত/


