শাহরাস্তিতে ‘পকেট কমিটি’ নিয়ে শিক্ষকদের তীব্র প্রতিবাদ, পদত্যাগের হিড়িক

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ঘোষিত নতুন কমিটিকে ঘিরে শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা পর্যায় থেকে সুপারিশপ্রাপ্ত কমিটির কপি হাতে পেয়ে শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন। কমিটির অনেক সদস্যই প্রকাশ্যে পদ প্রত্যাখ্যান করেছেন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছেন।
জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চার বছরের জন্য গঠিত সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও বিগত সরকারের ছত্রছায়ায় তা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল। শিক্ষক সমাজ নতুন সরকারের আমলে নির্বাচনের আশায় ইউনিয়ন ও পৌর পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছিলেন।
এ প্রক্রিয়ায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক স্বাক্ষর করে নির্বাচনের দাবি জানিয়ে তা জেলা ও উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। তারা প্রত্যাশা করেছিলেন, তফসিল ঘোষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু শিক্ষকদের সেই প্রত্যাশাকে উপেক্ষা করে সম্প্রতি জয়নাল আবেদীনকে সভাপতি ও শিবলী সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কমিটি ঘোষণার পর একে একে অনেকেই পদ প্রত্যাখ্যান করেন। সিনিয়র সহ-সভাপতি মকবুল আহমেদ মজুমদার বলেন, “আমি কারো দয়ায় পদ চাই না। আমি চাই শিক্ষকদের সরাসরি ভোটে প্রতিনিধিত্ব করতে।” সহকারী শিক্ষক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ভোটাধিকার কে হরণ করলো জানতে চাই। এই পদ আমার প্রয়োজন নেই।”
নাট্যবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, “আমি এই অপমানজনক পদবী প্রত্যাখ্যান করছি। রাতের ভোটে গঠিত কোনো কমিটি শিক্ষক সমাজ মেনে নেবে না।” সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন এই কমিটিকে ‘শিক্ষকদের সাথে প্রতারণা’ বলে উল্লেখ করেন। সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, কাব স্কাউট সম্পাদক বিজয় লাল দে– সকলেই কমিটি প্রত্যাখ্যান করেছেন।
সূচীপাড়া উত্তর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মো. আলী আক্কাস পাটোয়ারী বলেন, রাতের আঁধারে ঘোষিত এই পকেট কমিটি শিক্ষকদের মর্যাদায় আঘাত।
শিক্ষক নেতৃবৃন্দ ঘোষিত কমিটি বাতিল করে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম