শাহরাস্তিতে দেবরের কোদালের কোপে ভাবির মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জেরে দেবর আ. রহিমের কোদালের কোপে ভাবি রুজিনা আক্তারে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা আড়াইটার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যার শিকার রুজিনা উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজী বাড়ীর প্রবাসী সোহেল রানার স্ত্রী এবং অভিযুক্ত আ. রহিম সোহেল রানার আপন ছোট ভাই।

স্থানীয়রা জানান, সোমবার (৬ মে) সকালে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজি বাড়ির মৃত মান্নান মিয়াজির ছেলে আ. রহিম প্রকাশ সাদ্দাম (৩৩) তার আরেক ভাই প্রবাসী মোঃ সোহেল রানার নির্মাণাধীন বসত ঘরের পিলারের গর্ত জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে ফেলছিলেন। ওই সময় সোহেল রানার স্ত্রী রুজিনা আক্তার (৩৩) ঘটনাটি ভিডিও কলে স্বামীকে দেখাতে উদ্যত হলে আ. রহিম তার হাতে থাকা কোদাল দিয়ে রুজিনার মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের শিশু পুত্র শাহাদাত হোসেন (৮) জানান, কাল সকালে সাদ্দাম কাকা মা কে কোদাল দিয়ে মেরেছে।
নিহতের শাশুড়ী শরীফা খাতুন (৭৫) জানান, ঘটনার সময় আমি সাদ্দামকে বাধা দিতে যাই। এক পর্যায়ে রুজিনার মাথায় কোদালের আঘাত লাগে।

স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জানান, দেবরের কোদালের কোপে ভাবি আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহতের পিতার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গৃহবধু নিহতের ঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ বা মামলা করেনি।

এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত নিহতের মরদেদেহ ঢাকা থেকে এলাকায় আনার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। নিহতের বাবার বাড়ি একই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলামের কন্যা।

ফম/এমএমএ/ফয়েজ আহমেদ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম