শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় জমির মালিককে লাখ টাকা জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. জামাল হোসেনকে (৬০) ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে পুটিয়া গ্রামের জামাল হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম