চাঁদপুর : আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব, প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালার সমাপনী দিনে শতাধিক সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কাজের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের এ যুগে সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। একটি সংবাদ প্রকাশের পরপরই পাঠক ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কোনো সংবাদে মিথ্যা বা ভুল তথ্য পরিবেশিত হলে তাৎক্ষণিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই সংবাদ সংগ্রহ, যাচাই ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে সাংবাদিকদের আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ইতিবাচক প্রচারণার অনেক সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নেতিবাচক বিষয় তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাবের ঐক্য ও সুনাম দেশের জন্য একটি মডেল। এ ঐক্য ও অর্জিত সুনাম ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাংবাদিকদের অংশগ্রহণে এত বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ফম/এমএমএ/


