কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে লাইসেন্স ও মানদণ্ড না মেনে চিকিৎসাকেন্দ্র পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রেনেসাঁ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে লাইসেন্স বা প্রয়োজনীয় মানদণ্ড না মেনে চিকিৎসাকেন্দ্র পরিচালনা, অপারেশন থিয়েটার ও হাসপাতালে চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশ রাখা এবং অযোগ্য ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও অমিত রায় বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল বা অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন এবং সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


