চাঁদপুর : চাঁদপুরের হাইমচরে ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের সূচনা করেন তিনি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিডি ক্লিন হাইমচরের সদস্যরা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফম/এমএমএ/


