
হাজীগঞ্জের মৈত্রী শিশু উদ্যানে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন ও রোটা. রুহিদাস বণিকসহ অন্যান্য অতিথিরা।
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৈত্রী শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকসহ বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের পরিচালক (অর্থ) ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন সিনিয়র শিক্ষক মাও. নিজাম উদ্দিন ও গীতা থেকে পাঠ করেন শম্ভু আর্চায্য।
এরপর উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, উদ্বোধকসহ অতিথিবৃন্দ। সিনিয়র শিক্ষক দ্বীন ইসলামের উপস্থাপনায় বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান, ক্ষুদে শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।
ক্রীড়া পরিচালক শম্ভু সাহার সার্বিক ব্যবস্থাপনায় সিনিয়র শিক্ষক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলির পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ সুমনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
ফম/এমএমএ/


