মেঘনায় যৌথ অভিযানে জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুর: মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলায় যৌথ অভিযানে জব্দ ২০ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

সদর উপজেলা মৎস্য বিভাগ জানায়, চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশ এবং চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এবং নৌ পুলিশের সদস্যরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম